নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, সালাহউদ্দিন আহমেদ দলের আন্দোলন-সংগ্রামের একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। দলের কঠিন সময়ে তিনি নিষ্ঠা, সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শোকবার্তায় আরও বলা হয়, তাঁর রাজনৈতিক জীবন ও দলের প্রতি অবদান বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি।
তারেক রহমান শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমেদ ১৯৯১ ও ২০০১ সালে ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।:
দেশ বাংলা টিভি ডেক্স