নিজস্ব সংবাদদাতা :-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কে যানজটে আটকে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ট্রাক চাপা দিলে দুই আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যান। গুরুতর আহত অপর আরোহীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৪ (অক্টোবর) বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈষামোড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুজন হলেন নরসিংদী জেলা সদরের অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)। তাঁরা মোটরসাইকেলে নরসিংদী থেকে সিলেটের দিকে যাচ্ছিলেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, বৈষামোড়া এলাকায় যানজটের কারণে মোটরসাইকেলটি সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমারের মৃত্যু হয়। গুরুতর আহত আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স