আপন আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি:
পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন করা হবে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে। এ জন্য কাউকে তদবির কিংবা অযথা দৌড়াদৌড়ি করতে হবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে। ফ্যামিলি কার্ডের কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের ভাতা দেওয়ার উদ্যোগও বাস্তবায়িত হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের জন্য ইতোমধ্যে লোক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য যাচাই করে যোগ্য পরিবারকে সুবিধার আওতায় আনা হবে। তাই এ বিষয়ে কোনো ধরনের তদবিরের আশ্রয় না নেওয়ার জন্য তিনি সবাইকে সতর্ক করেন।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। কৃষক কার্ডের কার্যক্রম টাঙ্গাইল থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দেওয়া শুরু হয়েছে এবং মন্দিরের পুরোহিতদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে। সরকারের সাত মাসের কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার পূরণে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় বিভিন্ন পক্ষ নানা প্রতিশ্রুতি দিয়েছে। এমনকি বেহেশতের টিকিট দেওয়ার মতো কথাও বলা হয়েছে। এ ধরনের আশ্বাসের বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। টাঙ্গাইলের উন্নয়নে দেওয়া নিজের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার কথাও জানান প্রতিমন্ত্রী।
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মাহমুদুল হক সানু এবং জেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের পর টাঙ্গাইল সদর উপজেলা মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা চালের ডিও বিতরণ করা হয়। একই সঙ্গে টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের পূজামণ্ডপের জন্য পৌরসভার বরাদ্দ করা আর্থিক অনুদান বিতরণ কার্যক্রমেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
দেশ বাংলা টিভি ডেক্স