রাজবাড়ী সংবাদদাতা :
রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই যুবক সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদের সামনে পৌঁছালে হামলার শিকার হন। গুলিতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের নাম পিয়ারুল (৩২)। তিনি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হারান ফকির। স্থানীয় সূত্রের দাবি, তাঁর বিরুদ্ধে আগে একাধিক মামলা ছিল।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ ঘটনায় জড়িতদের পরিচয় ও হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দেশ বাংলা টিভি ডেক্স