মাগুরা সংবাদদাতা: মাগুরায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার দিবাগত রাতে পৌর এলাকার কোকনা গ্রামের এশিয়া মহিলা কলেজপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ৪ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার, ৩১০ সিসির একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি ও নগদ ৬ লাখ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন শম্পা বিশ্বাস (৩২) ও পূর্ণিমা রানী বিশ্বাস (৫৫)। তারা সম্পর্কে শাশুড়ি ও পুত্রবধূ। পুলিশ জানায়, শম্পা মাদক কারবারে অভিযুক্ত দীপ্ত কুমার বিশ্বাসের স্ত্রী এবং পূর্ণিমা তার মা।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় মূল অভিযুক্ত দীপ্ত কুমার বিশ্বাস (৩৫) কৌশলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে তার মা ও স্ত্রীকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে একটি শিশু ছিল।
পুলিশ আরও জানায়, পলাতক দীপ্ত বিশ্বাস এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বেরিয়ে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মাগুরা জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান।
এ ঘটনায় মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দেশ বাংলা টিভি ডেক্স