আনন্দ সরকার,ঢাকা:
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মেট্রোরেলের মিরপুর-১১ নম্বর স্টেশন।
সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।
একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে ওই এলাকার যান চলাচল ও স্বাভাবিক পরিবেশে বিঘ্ন ঘটে।
শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান এই আন্দোলন মঙ্গলবার চতুর্থ দিনে গড়িয়েছে।
এদিকে সংঘর্ষের পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মিরপুর-১১ এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের আশঙ্কায় যাত্রী ও স্টেশনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ওই স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রীদের ওঠানামাও বন্ধ রয়েছে।
তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মিরপুর-১১ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে স্বাভাবিক হলে স্টেশনটির কার্যক্রম আবার চালু করা হবে বলে জানিয়েছে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম।
দেশ বাংলা টিভি ডেক্স