নিজস্ব সংবাদদাতা :
চাঁদপুর সদর উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে তারই ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা গ্রামের ইচুলী সড়কের উত্তর পাশে পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহজাহান পাটোয়ারী (৬০)। তিনি ওই বাড়ির মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে। দৃষ্টিপ্রতিবন্ধী শাহজাহান সরকারি প্রতিবন্ধী ভাতা পেতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে শাহজাহানের সঙ্গে তার ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর (৫০) বিরোধ চলছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে একাধিকবার মনোমালিন্য ও উত্তেজনার ঘটনাও ঘটেছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও বিরোধের অবসান হয়নি বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় শাহ আলম ও তার স্ত্রী মিলে শাহজাহানকে মারধর করেন। একপর্যায়ে তাকে বাড়ির পাশের বাঁশের কঞ্চির ঝোপে ফেলে রাখা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিব ঘটনাস্থলে যান। তিনি সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বাগাদী ইউনিয়নের ইউপি সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন এবং সরকারি ভাতা পেতেন। দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ ছিল।
স্থানীয়ভাবে বিরোধ মিটিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল। মরদেহ থানায় রয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. ফেরদৌস হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স