মিরপুর সংবাদদাতা:
রাজধানীর মিরপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে মিরপুর-১১ নম্বর এলাকা ও আশপাশের সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে মিরপুর-১০, মিরপুর-১১ ও আশপাশের এলাকায় বিক্ষোভ করে আসছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকালেও তারা সড়কে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন।
একপর্যায়ে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের উত্তেজনা দেখা দেয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় আন্দোলনকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শ্রমিকরা মূল সড়ক ছেড়ে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।
ঘটনার পর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শ্রমিক ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান অব্যাহত ছিল।
এ ঘটনায় হতাহত বা আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
দেশ বাংলা টিভি ডেক্স