নিজস্ব সংবাদদাতা :
বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় মাদক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন তাদের জামাতা।
মঙ্গলবার (৩ নভেম্বর) জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সেলিম প্যাদা (৫৫) ও তার স্ত্রী মোসা. কহিনুর (৪০)। এ ঘটনায় তাদের জামাতা সবুজ মৃধা (৩২) পলাতক রয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনাখালী এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় কহিনুরের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা ৪ হাজার ৭০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।
ডিবি পুলিশের দাবি, পলাতক সবুজ মৃধা টেকনাফসহ বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে শ্বশুর-শাশুড়ির বাড়িতে মজুত রাখতেন। পরে অটোরিকশায় করে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে এসব মাদক সরবরাহ করা হতো। পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি কৌশলে পালিয়ে যান।
বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার দম্পতি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান অব্যাহত রেখেছে।
দেশ বাংলা টিভি ডেক্স