বিশেষ প্রতিনিধি:-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঝগড়মান ঘোষপাড়া এলাকায় দুর্গামন্দিরের মালিকানা ও স্থান সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে বাকবিতণ্ডা, শারীরিক প্রহার ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। এ সংক্রান্তে ভুক্তভোগী বিউটি রানী ঘোষ (৪৮) বাদী হয়ে কালিহাতী থানায় আটজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ঝগড়মান ঘোষপাড়া এলাকায় দুর্গামন্দিরের জমি নিয়ে বিউটি রানী ঘোষের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ দীর্ঘদিন ধরে বিদ্যমান। পূর্বে স্থানীয় পৌরসভা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানায় একাধিকবার দরখাস্ত দেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
ঘটনার বিবরণীতে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিহাতী ভূমি অফিসের একজন নায়েব বিতর্কিত জমি পরিদর্শনে যান। এ সময় উপস্থিত প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা বিউটি রানী ঘোষ এবং তাঁর সঙ্গে থাকা বিদ্যুৎ ঘোষ ও মনজয় ঘোষের ওপর চড়াও হন এবং শারীরিক নির্যাতন চালান। এতে তাঁদের শরীর আঘাতপ্রাপ্ত ও নীলাফুলা হয় বলে অভিযোগ করা হয়। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে আক্রমণকারীরা সরে পড়ে, তবে আইনি পদক্ষেপ নিলে তাঁদের গুম করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগকারীর দাবি।
দায়েরকৃত অভিযোগে অভিযুক্ত হিসেবে নিরঞ্জন চন্দ্র ঘোষ, লিপি রানী ঘোষ, হৃদয় চন্দ্র ঘোষ, আর্পিতা রানী ঘোষ, সীমা রানী ঘোষ, শিল্পী রানী ঘোষ, তারামণি রানী ঘোষ ও প্রতিশ চন্দ্র ঘোষের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পরিমল চন্দ্র ঘোষ ও ঠান্ডু চন্দ্র ঘোষের ইন্ধনে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
এদিকে, মন্দির সংলগ্ন একটি স্থাপনা সরিয়ে সেখানে পূজা-অর্চনার পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দীর্ঘদিনের এই জট নিরসনের আহ্বান জানান তাঁরা।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। পুলিশি তদন্তের পরেই ঘটনার প্রকৃত সত্যতা জানা যাবে বলে মনে করছেন স্থানীয়রা।
দেশ বাংলা টিভি ডেক্স