স্টাফ রিপোর্টার:-
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় বুধবার সকালে হঠাৎ বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে আদালত ভবনের সামনের অংশে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, বিকট শব্দের পর ঘটনাস্থলে কিছু সময়ের জন্য ধোঁয়া দেখা যায়। বিস্ফোরণের স্থান থেকে কাদামাটিও আশপাশে ছড়িয়ে পড়ে। এতে আদালতে উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা পর্যবেক্ষণ করেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পুলিশের প্রাথমিক ধারণা, বিস্ফোরিত বস্তুটি ককটেলসদৃশ হতে পারে। তবে সেটি আসলে কী ছিল এবং কে বা কারা সেখানে রেখে গিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের অগ্রগতির পর বিস্ফোরণের প্রকৃতি ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
ঘটনার পর আদালত চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স