বিশেষ প্রতিনিধি:
রাঙ্গামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। নিহত ও আহত সবাই পিকআপটির যাত্রী ছিলেন বলে জানা গেছে।
রোববার (১৬ আগস্ট) সকালে রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি আর্মি ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এরপর সেটি সড়কের পাশে ছিটকে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় পিকআপের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন,মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
আহত জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫) বর্তমানে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত দুজনের চিকিৎসা দেওয়া হয়েছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দেশ বাংলা টিভি ডেক্স