কালিহাতী থেকে জাহাঙ্গীর আলম :
টাঙ্গাইলের কালিহাতীতে কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে ফসলি জমিতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রোববার (৩০ আগস্ট) এ দাবিতে মানববন্ধন ও গণদাবি কর্মসূচি পালন করেন এলাকাবাসী। পরে তারা কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামপুর-গান্ধিনা সড়কের দড়িখশিল্লা গোরস্থানের সামনে একটি কালভার্ট রয়েছে। অভিযোগ, কালভার্টটির মুখ বন্ধ করে সেখানে বসতবাড়ি নির্মাণ করায় স্বাভাবিক পানি প্রবাহের পথ সংকুচিত হয়ে গেছে। বর্ষা এলেই পানি আটকে আশপাশের ফসলি জমিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
এতে একদিকে কৃষকদের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে দড়িখশিল্লা সড়কসংলগ্ন সাত গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থাতেও দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সমস্যা থাকলেও কার্যকর সমাধান হয়নি। দ্রুত কালভার্টের মুখ উন্মুক্ত করে পানি চলাচলের ব্যবস্থা করা না হলে কৃষিজমির ক্ষতি আরও বাড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত কৃষকরা কালভার্টের পানি চলাচলের পথ স্বাভাবিক করা, জলাবদ্ধতা নিরসন এবং ফসলি জমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণের পর বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, জনগণের দুর্ভোগ রোধকল্পে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স