সামির হোসেন, বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় বিপুল পরিমাণ গাঁজার চালানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে গোপাল সরকার নামে একজনকে মাদকের ডিলার হিসেবে শনাক্ত করেছে র্যাব।
সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব-৬-এর একটি দল।
র্যাব জানায়, একটি পরিবহনে করে গাঁজার চালান নিয়ে মোংলায় প্রবেশের সময় গোপাল সরকারকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক গোপাল সরকার মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে। তবে অপর আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গোপাল সরকার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে বড় পরিমাণে মাদকের চালান সংগ্রহ করে মোংলাসহ বাগেরহাটের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার কাছ থেকে মাদক সংগ্রহকারী অন্যান্য কারবারিদের শনাক্তে কাজ চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে দুই মাদক কারবারি আটকের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি তার পোস্টে উল্লেখ করেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ৫০ কেজি গাঁজার চালানের সঙ্গে জড়িত অন্য আসামি ও সহযোগীদের শনাক্তের চেষ্টা চলছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স