স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফে সীমান্তপথে মাদক পাচারের একটি বড় চালান আটকে দিয়েছে বিজিবি। হ্নীলা বিওপির সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা দুজনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ৬৪ বিজিবির বিশেষ টহল দলের অভিযানে এসব ইয়াবা উদ্ধার হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৪২ কোটি টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, হ্নীলা সীমান্ত দিয়ে ইয়াবার বড় একটি চালান প্রবেশের খবর পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ টহল ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণও চালানো হচ্ছিল।
এরই ধারাবাহিকতায় বুধবার হ্নীলা বিওপির সুইচ গেইট এলাকায় একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হয় বিজিবির টহল দলের।
নৌকাটিতে থাকা দুই ব্যক্তি জেলের পরিচয়ে চলাচল করছিলেন। বিজিবি সদস্যরা নৌকাটি থামানোর নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়।
আটকের পর নৌকায় তল্লাশি চালিয়ে প্রথমে কোনো মাদক পাওয়া যায়নি। পরে নৌকার সঙ্গে দড়ি দিয়ে পানিতে বাঁধা কয়েকটি বস্তার সন্ধান পান বিজিবি সদস্যরা। বস্তাগুলো উদ্ধারের পর তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১৪০টি কার্টন পাওয়া যায়।
বিজিবির দাবি, এসব কার্টনের ভেতরে মোট ১৪ লাখ পিস ইয়াবা ছিল।
এর আগে ৩ ও ৪ সেপ্টেম্বর রাতে হ্নীলার অবরাং এলাকায় ইয়াবা পাচারের পৃথক দুটি প্রচেষ্টা ঠেকানোর কথা জানায় বিজিবি। ওই দুই অভিযানে দুজনকে আটক এবং তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল।
৬৪ বিজিবির তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন মাদকবিরোধী অভিযানে ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সময়ে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ২৪৩ জনকে আটক করা হয়েছে।
বিজিবি বলছে, সীমান্ত দিয়ে ইয়াবাসহ মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেছে বাহিনী।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। প্রযুক্তি ও জনবল বাড়িয়ে চোরাচালান বন্ধে বিজিবি কাজ করছে।
দেশ বাংলা টিভি ডেক্স