রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে হাসি নামের এক যৌনকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তাকে দুর্বৃত্তরা হামলা করে হত্যা করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পরপর দুই ঘটনায় এলাকাটিতে উদ্বেগ তৈরি হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।
পুলিশ জানায়, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি ক্রাইমসিন টিম কাজ করছে। কীভাবে হাসির মৃত্যু হয়েছে এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না এসব বিষয় তদন্ত করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে একই যৌনপল্লীতে হামলার ঘটনায় গুরুতর আহত সোনিয়া আক্তার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনিয়া দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালা তোফাজ্জল হোসেন তপুর বাসার ভাড়াটিয়া ছিলেন। এ ঘটনায় ৬ সেপ্টেম্বর তোফাজ্জল হোসেন তপু বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।
একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুই যৌনকর্মীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
দেশ বাংলা টিভি ডেক্স