নিজস্ব সংবাদদাতা:
জয়পুরহাটের পাঁচবিবিতে শশা ক্ষেতের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফসল রক্ষায় ওই বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব হোসেন ওই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আবু বক্কর শিয়ালের উপদ্রব থেকে শশা ক্ষেত রক্ষার জন্য জমির চারপাশে বৈদ্যুতিক তার টেনে সংযোগ দিয়ে রেখেছিলেন। শনিবার রাতে সাকিব শশা খাওয়ার উদ্দেশ্যে ওই ক্ষেতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
পরদিন সকালে মাঠে কাজ করতে গিয়ে এক কৃষক শশা ক্ষেতের মধ্যে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হন। পরে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা নিরূপণের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স