চুয়াডাঙ্গার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ইয়াবা, কসমেটিকস, চিকিৎসাসামগ্রী, শাড়ি, ক্রিম ও পারদ। এ সময় একটি মোটরসাইকেলও আটক করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন দর্শনা, মুন্সিপুর, আইসিপি ও ফুলবাড়ী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, অভিযানে ১৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২০০ পিস ক্রিম, তিন বক্স চিকিৎসাসামগ্রী, দুই পিস ভারতীয় শাড়ি এবং ৩৪৮ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। এছাড়া ৯ দশমিক ৯ কেজি পারদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা পণ্য ও অন্যান্য মালামালের সিজার মূল্য প্রায় ১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা।
৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান পরিচালিত হচ্ছে।
সীমান্তের নিরাপত্তা বজায় রাখা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স