স্টাফ রিপোর্টার:-
রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেট এলাকার ফুটপাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় হকারদের ভাষ্য অনুযায়ী, সকালে সিটি করপোরেশনের কর্মীরা ফুটপাতের দোকানপাট সরাতে সেখানে গেলে একপর্যায়ে উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে হোপ মার্কেটের সামনের ফুটপাতের একটি অংশে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ঘটনায় হকারদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরে সেখানে থাকা সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার দিকে হোপ মার্কেটের দিক থেকে কয়েকজন আনসার সদস্য মিরপুর-১৩ নম্বরের দিকে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে একদল ব্যক্তি লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
হোপ মার্কেটের বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে একটি স্থানে আগুন জ্বলতে দেখা যায়। পরে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে গেলে সেটিকেও লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হকারদের দাবি, আগুন লাগা স্থানে বিভিন্ন ধরনের মালামাল ছিল।
ঘটনার সময় কয়েকশ হকার সেখানে জড়ো হয়ে হামলা ও ভাঙচুরে জড়িয়ে পড়েন বলে জানা গেছে। এ সময় সিটি করপোরেশনের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত ও পরে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
এদিকে ঘটনাস্থলের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি তুলতে গেলে সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীনের ওপরও হামলা করা হয় বলে জানা গেছে।
ঘটনার সময় ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
দেশ বাংলা টিভি ডেক্স