মোঃ স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার সদর উপজেলার ঝোপগাড়ি অলির বাজার এলাকায় দাম্পত্য কলহকে কেন্দ্র করে রাকিবুল হাসান বকুল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল হাসান বকুল বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল গনির ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্ত্রী পারভীনের সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান রাকিবুল। সেখানে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও তার বিরোধ ও হাতাহাতির ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, এ সময় হাসুয়ার আঘাতে রাকিবুলের গলা কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের শ্বশুর ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বগুড়া সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের স্ত্রী পারভীন ও তার বোনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা নিশ্চিত করতে তদন্ত চলছে। একই সঙ্গে পলাতক শ্বশুরকে গ্রেপ্তারের জন্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স