নিজস্ব সংবাদদাতা :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে ইব্রাহীম খলিল নামে এক মুদি ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুমন নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় দোকানের মালামালেও আগুন লাগানো হয়। পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে সুমন ওই ব্যবসায়ীর দোকানে গিয়ে বাকিতে সিগারেট চান। তবে ব্যবসায়ী বাকিতে পণ্য দিতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীর শরীর ও দোকানের বিভিন্ন মালামালে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।
আগুনে ইব্রাহীম খলিলের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।
ঘটনার পর কেন্দুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
ওসি বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আগুনে দোকানের বেশ কিছু মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দেশ বাংলা টিভি ডেক্স