নিজস্ব সংবাদদাতা:
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় এক এসআরবি সদস্য নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১টার দিকে ফতেহপুর স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সদস্যের নাম মো. আলমগীর হোসেন (৪৬)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালনের পর প্রেষণে তিনি ফেনীর এসআরবি-৭-এ কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, রাতে মহাসড়কের ওই এলাকায় এসআরবি সদস্যরা বিভিন্ন যানবাহনে তল্লাশি করছিলেন। একপর্যায়ে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করার সময় কাছ দিয়ে আসা আরেকটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত উপেক্ষা করে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে প্রথমে কাভার্ডভ্যানটিতে ধাক্কা দেন।
এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে থাকা আলমগীরকে চাপা দিয়ে পাশের একটি গর্তে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় ট্রাকচালক মো. সজিবও আহত হন।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত সজিব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও কাভার্ডভ্যান হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় তাদের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছ
দেশ বাংলা টিভি ডেক্স