ঢাকা থেকে আনন্দ সরকার:রাজধানীর মিরপুরে এক ছিন্নমূল শিশুকে মারধরের ঘটনায় রিপন মণ্ডল নামে এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শিশুটিকে বেল্ট দিয়ে মারধরের দৃশ্য দেখা যাওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।
পুলিশ জানায়, গত শনিবার (৩ অক্টোবর) মিরপুর-১ নম্বরের শাহ আলী শপিং কমপ্লেক্সের সামনে ঘটনাটি ঘটে। অভিযুক্ত রিপন মণ্ডল ওই মার্কেটের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
ঘটনার একটি ভিডিও রোববার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মার্কেটের সামনের সড়কে মানুষের উপস্থিতির মধ্যে এক ব্যক্তি শিশুটির হাত ধরে অন্য হাতে থাকা বেল্ট দিয়ে তাকে মারধর করছেন। পরে কয়েকজন কিশোর শিশুটিকে রক্ষা করতে এগিয়ে এলে তাকে মার্কেটের দিকে নিয়ে যাওয়া হয়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে। সোমবার বিকেলে মিরপুর বিভাগের এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া এক ফেসবুক পোস্টে রিপন মণ্ডলকে আটক করার তথ্য জানান।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুটির বিরুদ্ধে প্রথমে রুটি চুরির অভিযোগের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালেও জিজ্ঞাসাবাদে রিপন মণ্ডল দাবি করেছেন, শিশুটি মার্কেটের একটি দোকান থেকে মোবাইল ফোন চুরি করেছিল। তার এ বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে।
দারুসসালাম থানার ওসি মো. দুলাল হোসেন জানান, ভিডিওটি পুলিশের নজরে আসার পরই ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু করা হয়। পরে রিপন মণ্ডলকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রিপন মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
ওসি বলেন, অভিযুক্ত সুস্থ হওয়ার পর তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নির্যাতনের শিকার শিশুটির সন্ধানেও পুলিশ কাজ করছে।
দেশ বাংলা টিভি ডেক্স