নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলায় গুলি করে এক মাটি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে মাটির ব্যবসা নিয়ে বিরোধ থাকতে পারে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত খোরশেদ আলম (৫০) ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি এলাকায় বাহিনী প্রধান হিসেবে পরিচিত ছিলেন এবং মাটির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
এ ঘটনায় আটক দুজন হলেন ইব্রাহিম ওরফে ছোট্টু ও মাসুদ রানা। তাঁরা দুজনই সদর উপজেলার পার্বতীনগর গ্রামের বাসিন্দা।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে গুলি করেছেন বলে জানানো হয়েছে।
পরিবারের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, হত্যাকাণ্ডের প্রায় সাত ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে ইব্রাহিম ও মাসুদ রানাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দেশ বাংলা টিভি ডেক্স