স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই মামলায় কুষ্টিয়া জেলা ও শহর আওয়ামী লীগের তিন নেতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার চার আসামিই পলাতক রয়েছেন।
রায়ে আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দেওয়া একটি বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার উসকানি দেওয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষের দাবি, ওই বক্তব্য ও নির্দেশনার ধারাবাহিকতায় ৫ আগস্ট কুষ্টিয়া শহরে গুলিতে ছয়জন নিহত হন। নিহতরা হলেন আশরাফুল, সুরুজ আলী বাবু, মুস্তাকিন, উসামা, বাবলু ফরাজী ও ইউসুফ শেখ। এ ঘটনায় আরও কয়েকজন ছাত্র-জনতা গুরুতর আহত হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষ আরও অভিযোগ করে, ছাত্র-জনতার আন্দোলন দমনে ড্রোনের মাধ্যমে অবস্থান শনাক্তকরণ, হেলিকপ্টার ব্যবহার এবং প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে কুষ্টিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় চার আসামির বিরুদ্ধে উসকানি, ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে নেতৃত্ব ও সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল।
গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি এবং পাল্টা যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে ২৭ অক্টোবর রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করা হয়। এর আগে অতিরিক্ত প্রমাণাদি দাখিলের কারণে পুনরায় যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।
২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ অক্টোবর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরদিন অভিযোগ আমলে নেওয়া হয় এবং ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
দেশ বাংলা টিভি ডেক্স