গাজীপুর সংবাদদাতা :
গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক সামগ্রীর দোকানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুক্তাজুল ইসলাম।
তিনি জানান, গত ১৩ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী মোড়ে সুবাহান এন্টারপ্রাইজ নামে একটি ইলেকট্রিক দোকানের শাটার ভেঙে ৫-৬ জনের একটি ডাকাত দল ভেতরে ঢোকে। তারা দোকানের নগদ টাকাসহ প্রায় ৪৫ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল ট্রাকে করে লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক সালাউদ্দিন আকন্দ অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন (মামলা নং-১২, তারিখ: ১৪/১০/২০২৬)।
মামলার সূত্র ধরে গত ২৭ অক্টোবর রাতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঢাকার বাড্ডা থানার বড় বেরাইদ এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাত দলের দুই সদস্য রমজান মিয়া ও মিলন মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার রমজান আলতাব হোসেনের ছেলে এবং মিলন মিয়া ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-২০-১১৫৯), একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-৮৩২৬) এবং প্রায় ৬ লাখ টাকার লুণ্ঠিত ক্যাবল, ফ্যানসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃতদের বুধবার বিকেলে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স