মোঃ স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জিম বাবু (২২) নামে এক বাস হেলপারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার জিম বাবু রংপুরের তাজহাট থানার ধর্মদাস মিলনপাড়ার বাসিন্দা মো. শামীম মিয়ার ছেলে। তিনি কক্সবাজার থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলমের নেতৃত্বে একটি দল ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৮১৪২) একটি বাসে তল্লাশি করা হয়।
অভিযানকালে বাসের ইঞ্জিন কভারের ওপর বসে থাকা হেলপার জিম বাবুর শরীর ও তাঁর সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগে পুরোনো কাপড়ের মধ্যে কালো স্কচটেপে মোড়ানো ১৩টি নীল পলিপ্যাকেট পাওয়া যায়।
প্যাকেটগুলো খুলে প্রতিটিতে ২০০টি করে মোট ২ হাজার ৬০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২৬০ গ্রাম বলে জানিয়েছে অধিদপ্তর। এ ছাড়া একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।
অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, উদ্ধার করা ইয়াবার চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স