টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-উত্তরবঙ্গ রুটে বন্ধ হয়ে যাওয়া রেল চলাচল প্রায় ছয় ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত রেললাইনে সতর্কতার অংশ হিসেবে কম গতিতে ট্রেন চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের পেছনের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
দুর্ঘটনার পর রেললাইন সচল করতে উদ্ধার অভিযান শুরু হয়। ঈশ্বরদী থেকে পাঠানো একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতের কাজ সম্পন্ন করা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, উদ্ধার ও মেরামত কার্যক্রম শেষে বিকেল ৩টার দিকে ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রকিবুল হাসান জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত প্রায় এক কিলোমিটার রেলপথে নিরাপত্তার স্বার্থে ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
দেশ বাংলা টিভি ডেক্স