মোঃ স্বাধীন খান বগুঢ়া জেলা প্রতিনিধি: বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার য়োজন করেছে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার ক্রীড়া ও সাংবাদিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, বগুড়ার উন্নয়ন কার্যক্রম শুরু হওয়ায় একটি মহল নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ইস্যু সামনে এনে উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এবার সেই অবস্থার পরিবর্তনে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। করতোয়া নদীর পাশ দিয়ে শহরের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ, উত্তরাঞ্চলের উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু এবং শিশু-কিশোরদের জন্য আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়, কার্গো সার্ভিস, আন্তর্জাতিক বিমানবন্দর ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু।
এছাড়াও বক্তব্য দেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামীম আলম ও কোষাধ্যক্ষ সানাউল হক শুভ।
আলোচনা সভায় বক্তারা ক্রীড়া সাংবাদিকতার গুরুত্ব, স্থানীয় ক্রীড়ার বিকাশ এবং তরুণ ক্রীড়াবিদদের এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালে আহ্বায়ক কমিটি এবং ২০২৪ সালে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নিয়মিতভাবে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করে আসছে। সংগঠনটি স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের সম্মাননা প্রদানের পাশাপাশি ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
দেশ বাংলা টিভি ডেক্স