টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর থানার আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তাদের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, প্যাডেল চালিত সাইকেলে আসা এক ব্যক্তি টাঙ্গাইল হোমিও কলেজের উত্তর পাশে ভাসানি রোডে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এক অজ্ঞাতপরিচয় ভবঘুরে নারীকে জাপটে ধরে জোরপূর্বক যৌন নির্যাতনের চেষ্টা করছেন।
ভিডিওটি পাওয়ার পর অভিযুক্তকে শনাক্ত করতে তদন্ত শুরু করে সদর থানা পুলিশ। পুলিশ পরিদর্শক (তদন্ত) ভীক্টর ব্যানার্জীর নেতৃত্বে একটি দল সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা, স্থানীয় সূত্র এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালায়।
পরে মঙ্গলবার ভোরে আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই কিশোরকে আটক করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, ভিডিওটি পুলিশের নজরে আসার পর সিসি ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স