নিজস্ব প্রতিবেদক | দেশ বাংলা টিভি নিউজ
বাংলাদেশ থেকে কুয়েতে যাওয়া এক বাংলাদেশি যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ তল্লাশির সময় তাকে আটক করা হয়।
কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে আসা ওই যাত্রীর লাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় তিনটি প্যাকেট থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা এবং ছয়টি প্যাকেট থেকে ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথঅ্যামফিটামিন উদ্ধার করা হয়।
এ ছাড়া ৩১টি প্যাকেটে থাকা ৬ হাজার ২১১টি ইকস্ট্যাসি ট্যাবলেটও জব্দ করা হয়েছে। কুয়েতি সংবাদমাধ্যমগুলো এসব তথ্য দেশটির কাস্টমস কর্তৃপক্ষের বরাতে প্রকাশ করেছে।
স্থানীয় প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েত কাস্টমসের বন্দরবিষয়ক উপমহাপরিচালক সালেহ আল-ওমরের তদারকিতে অভিযানটি পরিচালিত হয়। মাদক উদ্ধারের পর আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে আটক বাংলাদেশি নাগরিকের নাম, বয়স কিংবা বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করেনি কুয়েতি কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কুয়েতে মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর আইন কার্যকর রয়েছে। দেশটির বিমানবন্দরসহ বিভিন্ন প্রবেশপথে মাদক চোরাচালান ঠেকাতে নিয়মিত তল্লাশি ও নজরদারি চালানো হয়।
এ ঘটনায় বাংলাদেশ থেকে যাওয়া একজন যাত্রীর কাছে এত বিপুল পরিমাণ মাদক পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মাদকগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কীভাবে তার লাগেজে রাখা হয় এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না এসব বিষয়ও তদন্তের আওতায় আসতে পারে।
উল্লেখ্য, ঘটনাটি নিয়ে কুয়েতের Arab Times, Times Kuwait, Al Rai, Al Jarida ও Al Anbaa-সহ একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশেও বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স