মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের পুনরায় পদায়নের সিদ্ধান্ত বাতিল এবং তাকে অন্যত্র বদলির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন আইনজীবীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ কর্মসূচি পালন করেন জেলা অ্যাডভোকেটস বার সমিতির আইনজীবীরা। এতে জেলা বারের নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবীরা অংশ নেন।
মানববন্ধনে আইনজীবীরা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে বিচারক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে বিরোধীদলীয় নেতাকর্মী ও আইনজীবীদের হয়রানি এবং বিচারপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের একাধিক অভিযোগ উঠেছিল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর তাকে বগুড়া থেকে বদলি করা হয় বলেও তারা দাবি করেন।
আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি তাকে আবারও বগুড়া জেলা ও দায়রা জজ হিসেবে পদায়নের আদেশ দেওয়া হয়েছে। বুধবারই তার বগুড়ায় যোগদানের কথা রয়েছে।
কর্মসূচিতে জেলা বার সমিতির অ্যাডভোকেট (জিপি) শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে তাকে বগুড়া থেকে বদলি করা হয়েছিল। এরপর একই স্থানে তাকে পুনরায় পদায়নের কারণ আইনজীবীদের কাছে বোধগম্য নয়।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে। পুনরায় পদায়নের সিদ্ধান্ত বাতিল করে তাকে অন্যত্র বদলির দাবি জানান তারা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে আইনজীবীরা তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।
দেশ বাংলা টিভি ডেক্স