নিজস্ব সংবাদদাতা:
নাটোর শহরের পিটিআই মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু চাঁদ মোল্লা (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সাইকেল নিয়ে সড়ক পার হওয়ার সময় রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু চাঁদ মোল্লা বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর (তালতলা) এলাকার নসির উদ্দিন মোল্লার ছেলে। তিনি কাদিরাবাদ ক্যান্টনমেন্টের মাহমুদুল হাসান সুপার প্রাইমারি স্কুলে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে তেবাড়িয়া হাট থেকে প্রয়োজনীয় বাজার শেষে সাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন আবু চাঁদ মোল্লা। পিটিআই মোড় এলাকায় পৌঁছে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনি সড়কে পড়ে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স