আপন আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা লাইন থেকে নেমে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মহেড়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা রেললাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে রেলপথের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পথে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে।
মহেড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সোহেল রানা জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিলিফ ট্রেন পাঠানোর জন্য জানানো হয়েছে।
তিনি আরও জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। স্টেশনের কোনো লাইনে সমস্যা ছিল না বলে তিনি উল্লেখ করেন।
রিলিফ ট্রেন পৌঁছে উদ্ধারকাজ শুরু হলে ক্ষতিগ্রস্ত রেলপথ সচল করার উদ্যোগ নেওয়া হবে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
দেশ বাংলা টিভি ডেক্স