নিজস্ব প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাহফুজা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নানাবাড়িতে বেড়াতে গিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হয় শিশুটি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহফুজা খাতুন আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মামুন আলীর মেয়ে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে মায়ের সঙ্গে ডম্বলপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায় মাহফুজা। শুক্রবার বিকেলে ক্যানেলের অপর পাশে সিন্নি খেতে যায় সে। পরে সেখান থেকে ফেরার সময় সড়ক পার হওয়ার মুহূর্তে কুষ্টিয়ামুখী একটি অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে চিকিৎসার জন্য নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাহফুজাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ছোট্ট মাহফুজার আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দেশ বাংলা টিভি ডেক্স