ময়মনসিংহ সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভিমরুলের আক্রমণে সুমারি খাতুন (৭০) ও তার আড়াই বছর বয়সী নাতনি আদিবার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি গোয়ালবাড়ি এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা গেছে, সৌদি আরবপ্রবাসী আরিফুল ইসলামের মেয়ে আদিবা মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নানি সুমারি খাতুন তাকে সঙ্গে নিয়ে বাড়ির উত্তর পাশে ছাগল আনতে যান।
সেখানে পৌঁছানোর পর হঠাৎ ভিমরুলের ঝাঁক তাদের ওপর আক্রমণ করে। এতে দুজনই গুরুতরভাবে আহত হন। ভিমরুলের কামড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আদিবা।
পরে গুরুতর আহত সুমারি খাতুনকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স