ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানির অনুমোদন সংক্রান্ত ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্য অধিদপ্তর।
এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর প্রতিবেশী দেশটি থেকে ইলিশ আমদানির কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষর করা এক চিঠির মাধ্যমে গত ২২ সেপ্টেম্বর এসব অনাপত্তি সনদ বাতিল করা হয়। চিঠি পাওয়ার পর সংশ্লিষ্ট আমদানিকারকদের ইলিশ আনার প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, মৎস্য অধিদপ্তর থেকে অনাপত্তি সনদ বাতিলের বিষয়ে একটি চিঠি তারা পেয়েছেন। এর পর থেকেই ইলিশ আমদানি বন্ধ রয়েছে।
তিনি বলেন, হঠাৎ করে আমদানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন।
এদিকে ইলিশ আমদানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, আমদানির জন্য ভারতের অংশে আগে থেকেই ইলিশ কেনা হয়েছিল। এখন আমদানি বন্ধ হয়ে যাওয়ায় এসব মাছ কম দামে ফেরত দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
তার ভাষ্য, এতে কেনা মাছের মূল্য কমে যাওয়ার পাশাপাশি পরিবহনসহ আমদানি প্রক্রিয়ায় ব্যয় করা অর্থেরও ক্ষতি হবে।
১০৩টি অনাপত্তি সনদ বাতিলের ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানির বর্তমান কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
দেশ বাংলা টিভি ডেক্স