স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকবিরোধী অভিযানে ১৮ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পুরোনো প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের বোডবাজার এলাকার ইমামপাড়া কালভার্টের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,রাধানগর এলাকার আইনুল হকের ছেলে খালিদ হাসান নয়ন (৩২), গোপাল চন্দ্র রায়ের ছেলে চন্দন কুমার রায় ওরফে দুলাল (৩৭) এবং মোস্তফা কামালের ছেলে সবুজ (২৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পল্লীবিদ্যুৎ মোড় থেকে বোডা বাজারমুখী সড়কে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে বোডবাজারের পূর্ব পাশে ইমামপাড়া কালভার্ট এলাকায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সময় একটি পুরোনো প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
আটোয়ারী থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(খ), ৩৮ ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হয়।
দেশ বাংলা টিভি ডেক্স