মো: স্বাধীন খান, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জেলার চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং আধুনিক ও সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন। এ সময় তাঁর সহধর্মিণী সাবিহা সুলতানাও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বগুড়ার দীর্ঘদিনের উন্নয়নসংক্রান্ত চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন সংসদ সদস্য মোশারফ হোসেন। উত্তরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হিসেবে বগুড়ার সম্ভাবনা কাজে লাগাতে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে আরও বিনিয়োগ এবং উন্নয়ন কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথা জানান তিনি।
এ ছাড়া জেলার সাতটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের উদ্যোগে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য। এ সময় রাষ্ট্রপতি উন্নয়ন পরিকল্পনার বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং বগুড়ার সার্বিক অগ্রগতিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নসংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বগুড়াসহ উত্তরাঞ্চলের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত ও সুষম উন্নয়ন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
দেশ বাংলা টিভি ডেক্স