দেশ বাংলা টিভি নিউজ ডেক্স:
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভাগে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ২৩ সেপ্টেম্বর মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি ওই এলাকার উপকূলীয় স্থলভাগে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
দেশ বাংলা টিভি ডেক্স