আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকদ্রব্য বিক্রি করায় বাড়িঘর ভাঙচুর করেছে এলাকাবাসী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এলাকার মুসল্লিসহ এলাকাবাসী বাড়িঘর ভাঙচুর করে। ঘটনাটি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামের সুরমান আলীর বাড়িতে ঘটে।
স্থানীয়রা জানান, সুরমান ও তার স্ত্রী এবং তার ছেলে সোহাগ ও তার বউ দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য বিভিন্ন স্থান হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে বাড়ি থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি ও সেবন করে আসছে। এর আগে শুধু সুরমান ও তার স্ত্রী এই ব্যবসার সাথে জড়িত থাকলেও পরবর্তীতে তার ছেলে ও ছেলের বউ জড়িয়ে পড়েছে বলে জানা যায়।
স্থানীয়রা জানায়- আমাদের স্থলকাশি গ্রামের সুরমান আলী দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আসছে। এর আগে গোপিনাথপুর ও জিগাতলা গ্রামে বসবাস করতো। সুরমান ও তার পরিবারের লোকজন বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে।
প্রতিদিন বিভিন্ন এলাকার মাদকসেবীরা তার বাড়িতে আসা যাওয়া করে সর্বক্ষণ। আমরা বারবার নিষেধ করার সত্বেও সে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে রয়েছে। ফলে বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে চড়াও হয়।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, বিষয়টি জানা নেই। তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স