মো: স্বাধীন খান বগুড়া প্রতিনিধি:
দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার প্রতিবাদে বগুড়ায় বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া মহানগর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের আয়োজনে সেউজগাড়ী আমতলা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহসভাপতি এম. আর. ইসলাম স্বাধীন।
এ সময় মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সহসভাপতি মো. মশিউর রহমান শামীম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান আলী। সঞ্চালনায় ছিলেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল।
এ ছাড়া জেলা তাঁতী দলের সভাপতি সারোয়ার হোসেন, মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা বিএনপি নেতা মিজানুর রহমান এবং মহানগর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশের পর নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
দেশ বাংলা টিভি ডেক্স