নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে গেছে ঢাকামুখী একটি ট্রেন। তবে চালকসহ চার আরোহী সময়মতো গাড়ি থেকে নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দাপনাজোর এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন অতিক্রম করার সময় সিএনজিচালিত অটোরিকশাটি হঠাৎ লাইনের ওপর বিকল হয়ে আটকে যায়। ঠিক তখনই ঢাকামুখী একটি ট্রেন দ্রুতগতিতে ক্রসিংয়ের দিকে এগিয়ে আসে। পরিস্থিতি বুঝতে পেরে চালক ও তিন যাত্রী দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।
এরপর ট্রেনটি সিএনজিটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে সোনালিয়া রেলস্টেশন পর্যন্ত টেনে নিয়ে যায়। সেখানে ট্রেনটি থামানো হলে সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সময়মতো আরোহীরা নেমে যেতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
দেশ বাংলা টিভি ডেক্স