রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় কাভার্ডভ্যান, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
নিহতরা হলেন নড়াইল সদর উপজেলার মধুগাতী গ্রামের জামান আহমেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২)। জামান ওই গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে মগবাজার ওয়্যারলেস গেটের গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মৌচাক-মালিবাগ ফ্লাইওভার থেকে একটি কাভার্ডভ্যান মগবাজার ওয়্যারলেস সড়ক দিয়ে মালিবাগের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটি একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক জামান আহমেদকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ হোসেনও মারা যান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মিয়া জানান, দুর্ঘটনার পর পুলিশ ও পথচারীরা আহতদের দ্রুত হাসপাতালে পাঠান। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, কীভাবে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য যানবাহনগুলোকে চাপা দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
দেশ বাংলা টিভি ডেক্স